ডেস্ক রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১০:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ভারত থেকে কোভিড টিকা সরবরাহ করা না হলেও বাংলাদেশের বর্তমান উন্নত টিকা পরিস্থিতিতে খুশি দিল্লি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এ কথা বলেন।
উভয় মন্ত্রী ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য তাসখন্দে গিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড পরিস্থিতির উন্নতি হলে বিভিন্ন কাঠামোগত সহযোগিতা পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
দুই মন্ত্রী দ্বিপাক্ষিক ও আঞ্চলিক কানেক্টিভিটি, কোভিড ও টিকা, রোহিঙ্গা ও অন্যান্য সহযোগিতা নিয়ে আলাপ করেন।
বাংলাদেশে টিকা পরিস্থিতির উন্নতির কারণে সন্তোষ প্রকাশ করেন জয়শংকর। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই পক্ষ পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, ভারতের সেরাম থেকে তিন কোটি টিকা ক্রয়ের জন্য চুক্তি করলেও মাত্র ৭০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে।
এদিকে বৈঠকের পরে জয়শংকর এক টুইটে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত।