ডেস্ক রিপোর্ট

৯ জুলাই ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

আপডেট টাইম : জুলাই ৯, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জে রুপপুরে অবস্থিত হাসেম ফুড এন্ড বেভারেজে অগ্নিকান্ডের ঘটনায় আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসার নিশ্চয়তা, নিহতদের ক্ষতিপূরণ এবং কারখানার মালিক ও দায়িত্বে অবহেলাকারী আমলাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ৯ জুলাই, শুক্রবার, সন্ধ্যা ৬টায় পল্টন মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় অর্ধ-শতাধিকের উপর শ্রমিক মৃত্যু হয়েছে কিন্তু অনেক শ্রমিক আহত এবং এখনো নিখোঁজের আসল সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, একের পর এক শ্রমিক হত্যার ঘটনা ঘটছে আর অন্যদিকে সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। সরকার ব্যস্ত থাকে এই সকল হত্যাকান্ডকে দুর্ঘটনা হিসেবে প্রতিষ্ঠিৎ করবার পাঁয়তারায়। তাজরীন ফ্যাশনস, রানা প্লাজার ঘটনার পর সরকার একই ভূমিকা পালন করেছিল। নিয়ম-নীতির কোন বালাই নেই, উদ্যোগ নেই কার্যকর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করবার৷ শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবার কোন উদ্যোগ নেই। ক্ষমতা আর টাকা যার আছে, তার এইসব আইন-কানুন, নিয়ম-নীতির দিকে ফিরে তাকাবার দরকার পড়ে না। বর্তমান সরকার দুর্নীতিগ্রস্থ ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকার আর মালিক ঐক্যের খেসারত দেয় শ্রমিকরা। তাদের লোভ-লালসার বলি হয় শত-সহস্র মেহনতি মানুষ। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। অবিলম্বে ফ্যাক্টরির মালিকপক্ষ ও দায়িত্বে অবহেলাকারী আমলাদের গ্রেফতারের দাবি রইলো।

সমাবেশে কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল বলেন, ২০২১ সাল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন বর্ষ। অথচ আমরা দেখলাম হাসেম ফুড এন্ড বেভারেজ অধিকাংশ শিশু শ্রমিক দিয়ে তাদের কারখানার উৎপাদন চালিয়ে যাচ্ছে। সরকারের যে ব্যক্তিদের দায়িত্ব দায়িত্ব ছিল ফ্যাক্টরী যথাযথ নিয়ম মেনে চলছে কিনা তদারকি করা, কারখানা মালিকের সাথে তারাও সমান দায়ী এতগুলো কোমল প্রাণ অকালে ঝরে যাওয়ার পেছনে। এই দায়িত্বে অবহেলাকারী, অসৎ লোকগুলোর সহায়তায় মালিকরা এতটা বেপোরোয়া হয়েছে। ফলে আমরা মালিকপক্ষের সাথে সাথে এই সরকারি আমলাদেরও গ্রেফতারপূর্বক উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। আমরা আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক মেঘ মল্লার বসু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু, সহ-সভাপতি অনিক রায়সহ বিভিন্ন সংসদের নেতাকর্মীরা।

শেয়ার করুন