ডেস্ক রিপোর্ট

৬ জুলাই ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ

রাত পোহালেই বাংলাদেশ -জিম্বাবুয়ে টেস্ট, কেমন হবে টাইগারদের একাদশ?

আপডেট টাইম : জুলাই ৬, ২০২১ ১০:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হারারেতে শুরু হচ্ছে বাংলাদেশ আর স্বাগতিক জিম্বাবুয়ের লড়াই। আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু টেস্ট।

রাত পোহালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলরের জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে মুমিনুল হকের দল। কেমন হবে টাইগারদের একাদশের গঠনশৈলি? ক’জন ব্যাটসম্যান, কতজন পেসার আর স্পিনার দিয়ে সাজানো হবে একাদশ?

জিম্বাবুয়ের কন্ডিশন বিশেষ করে হারারে স্পোর্টস ক্লাবের মাঠ বরাবরই একটু পেস বোলিং ফ্রেন্ডলি। এখানে কি তিন পেসার নিয়ে নামবে টাইগাররা? নাকি উল্টো এক পেসার কমিয়ে তিন স্পিনার থাকবে একাদশে? জল্পনা, কল্পনা।

এদিকে টিম কম্বিনেশন নিয়ে ভক্ত ও সমর্থকদের আগ্রহের পাশাপাশি এক নম্বর ওপেনার তামিম ইকবালের খেলা নিয়েও আছে রাজ্যের গুঞ্জন। তামিম খেলবেন কি না, আজ বিকেলেও তা পরিষ্কার করে জানাতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

জুম কনফারেন্সে অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, তামিমের ব্যাপারে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত হবে। ফলে তামিমের জায়গাটা খালি রেখে বাকি দল সাজানো চলছে।

ওদিকে একাদশ গঠনের পূর্বশর্ত হলো উইকেট। বাংলাদেশ কোচ ও অধিনায়ক নাকি এখনও পিচই দেখতে পারেননি। উইকেটে ঘাস আছে কি না, থাকলে কতটা এবং ঘন কি না? এসব বিবেচনায় এনেই ১১ জন চূড়ান্ত করা হবে।

উইকেট নিয়ে মুমিনুল বলেছেন, ‘আসলে আমরা এখনও উইকেট দেখতে পারিনি। আজকে দেখলে এ ব্যাপারে কিছু বলতে পারব। উইকেট না দেখে আসলে এ ব্যাপারে কোনো কিছু বলা ঠিক না। ’

এ উইকেটে পেসারদের বেশি ব্যবহার করা হবে কি না? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েও সে একই কথা টাইগার ক্যাপ্টেনের, ‘আসলে উইকেট না দেখে তো বলা কঠিন।’

২০১৩ সালে বাংলাদেশ যখন শেষবার জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট খেলেছে, সেই দলে ছিলেন মুমিনুল। একটি টেস্টও খেলেছিলেন। এমনিতে টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরিয়ানের জিম্বাবুয়ের বিপক্ষেও আছে তিনটি শতক।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রান তোলায় দ্বিতীয় মুমিনুল (৭ টেস্টে সংগ্রহ ৬৮৭)। সর্বোচ্চ ১৬১। হাফসেঞ্চুরি দুটি। গড় ৫৭.২৫। আর জিম্বাবুয়ের মাটিতে এক টেস্টে করেছিলেন ৫২। সর্বোচ্চ ২৯। গড় ২৬.০০।

সেই ৮ বছর আগের অভিজ্ঞতার কথা টেনে মুমিনুল বলেন, ‘যখন খেলেছিলাম সাত-আট বছর আগে, তখন দেখেছিলাম পেসাররা খুব ডমিনেট করেছে। তবে শেষ দু একটা সিরিজে জিম্বাবুয়ে এই উইকেটে পেসার-স্পিনাররা সবাই ডমিনেট করেছে বা সুবিধা পেয়েছে। কিন্তু এখন উইকেট না দেখে কিছু বলাটা কঠিন।’

এদিকে দেশে অবস্থানরত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারও একাদশ সম্পর্কে পূর্ব ধারণা দিতে পারেননি। দুজনরাই কথা, ‘আসলে উইকেট না দেখে একাদশ সম্পর্কে আগাম ধারণা দেয়া কঠিন। টিম ম্যানেজমেন্ট উইকেট দেখার পর তাদের সাথে কথা বলেই দল সাজাবেন। মিলেছে এমন আভাস।’

তবে অধিনায়ক মুমিনুল একটি গৎবাঁধা কথা বলেছেন, ‘বাংলাদেশে আমরা স্পিনার বেশি খেলাই আর বিদেশে পেসার বা ব্যাটসম্যান বেশি থাকে। এটা নির্ভর করে কন্ডিশন ও উইকেটের ওপর।’

একাদশে ৫ বা ৪ বোলারের সঙ্গে ৬ বা ৭ ব্যাটসম্যান হতে পারে, এমন আভাস মুমিনুলের। যেহেতু সাকিব আছেন, তাই একাদশ সাজাতে আর বাড়তি ব্যাটসম্যান-স্পিনার নেয়ার দরকার নেই। তাই ধরে নেয়া যায়- ৭ ব্যাটসম্যান, ৩ পেসার আর ২ স্পিনার নিয়েই নামবে বাংলাদেশ।

তামিম খেললে একাদশ হয়তো হবে একরকম। আর তামিম না খেললে অন্যরকম। তিনি খেললে সঙ্গে হয়তো সাইফ হাসানকেই ওপেন করতে দেখা যাবে। নাজমুল হোসেন শান্ত ওয়ানডাউন। অধিনায়ক মুমিনুল হক চার নম্বর। মুশফিক পাঁচে। সাকিব ছয়। আর সাতে লিটন দাস। আটে মেহেদি হাসান মিরাজ এবং নয়, দশ ও এগার নম্বরে যথাক্রমে তাসকিন আহমেদ, এবাদত হোসেন আর শরিফুল ইসলাম।

তবে তামিম না খেলতে পারলে সাইফের সঙ্গে ওপেন করবেন শান্ত। তখন তিন নম্বরে উঠে আসতে পারেন অধিনায়ক মুমিনুল। চারে মুশফিক, পাঁচ সাকিব এবং তখন ছয় নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদের দলভুক্তির সম্ভাবনা প্রবল। বাকি জায়গাগুলোয় লিটন দাস, মেহেদি মিরাজ এবং তাসকিন, শরিফুল আর এবাদত।

 

শেয়ার করুন