ডেস্ক রিপোর্ট
৫ জুলাই ২০২১, ৫:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেটের হাসপাতালগুলোতে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর চাপ। একইসঙ্গে বেড়েছে করোনায় প্রাণহানির সংখ্যা। রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। রোগী বাঁচাতে স্বজনরা আইসিইউর সিট ম্যানেজ করতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও আট জন মারা গেছেন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারের ৩৭ জন রয়েছেন।
একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে ৭৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৬ জন।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮ জন মারা গেছেন। এরমধ্যে সিলেটের চার জন, হবিগঞ্জের দুই এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জের একজন করে রোগী রয়েছেন।