ডেস্ক রিপোর্ট
৫ জুলাই ২০২১, ১:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাকালের সবচেয়ে বেশি ৫৫৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৪ দশমিক ১২ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়েছে ৫ রোগীর।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজসহ ১০টি ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল রোববার চট্টগ্রামের ১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৫৫৯ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৪১৪ ও ১৪ উপজেলায় ১৪৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ রাউজানে ৩৬, সীতাকুন্ডে ১৮, রাঙ্গুনিয়ায় ১৫, পটিয়ায় ১২, হাটহাজারীতে ১১, বাঁশখালীতে ১০, আনোয়ারা ও মিরসরাইয়ে ৯ জন করে, বোয়ালখালীতে ৭, ফটিকছড়িতে ৬, সাতাকানিয়ায় ৫, সন্দ্বীপে ৪, লোহাগাড়ায় ২ এবং চন্দনাইশে ১ জন রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬০ হাজার ৯২৭ জন। এর মধ্যে শহরের ৪৭ হাজার ৩৮১ ও গ্রামের ১৩ হাজার ৯২৭ জন।
গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহরের একজন ও গ্রামের ৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে এখন ৭২২ জন। এতে শহরের ৪৮২ ও গ্রামের ২৪০ জন। সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৫৯ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৫০ হাজার ৪৮ জনে উন্নীত হয়েছে।
গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে করোনার প্রথম ভাইরাসবাহক শনাক্ত হওয়ার পর গতকাল শনাক্ত জীবাণুবাহকের সংখ্যা এ পর্যন্ত একদিনের সর্বোচ্চ এবং সংক্রমণ হার দ্বিতীয় সর্বোচ্চ। এ পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ হার রেকর্ড হয় ১ জুলাই, ৩৪ দশমিক ১৭ শতাংশ। এর আগে জেলায় একদিনের সর্বোচ্চ সংক্রমণ ছিল ৩০ জুন, ৫৫২ জন।