ডেস্ক রিপোর্ট

৩ জুলাই ২০২১, ৪:৫৬ অপরাহ্ণ

বরিশালে আজ করোনা শনাক্ত ৫৪.৭৩ শতাংশ, রাস্তায় ভিড় বেড়েছে-চলছে ট্রলার

আপডেট টাইম : জুলাই ৩, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন।

আজ শনিবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ এএসএম আহসান কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ নিয়ে মোট ৩৯৪ জনের মৃত্যু হলো।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৪ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ২৯৪ জনে দাঁড়াল।

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের তৃতীয় দিনে রাস্তায় তুলনামূলক বেশি মানুষকে চলাফেরা করতে দেখা গেছে। ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নগরীর বেলতলা খেয়াঘাট থেকে নিষেধাজ্ঞা না মেনে ছেড়ে যাচ্ছে ট্রলার।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান বলেন, নগরীর বেলতলা, আমানতগঞ্জ, বাজার রোড, পোর্টরোড, নতুন বাজার চৌমাথা এলাকায় জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ১৪টি মামলা দায়ের করেছে। ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রলার চলার বিষয়টি জানার পরে আমরা সংশ্লিষ্টদের সতর্ক করেছি।

জেলা প্রশাসক মো. জসীমউদ্দিন হায়দার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছেন। করোনা সংক্রমণ রোধে হোটেল-মোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোলার জেলা সিভিল সার্জন ডা. মো. সিরাজুদ্দিন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ভোলা ২৪টি নমুনা পরীক্ষা করে চার জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন