ডেস্ক রিপোর্ট
৩ জুলাই ২০২১, ৫:৫৮ অপরাহ্ণ
আবু হাসনাত মুহাম্মদ সাজু, দিনাজপুর সংবাদদাতা:: দিনাজপুরের চিরিরবন্দরে নেশাগ্রস্থ ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পিতা ইমদাদুল হক (৫২)। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ও আব্দুলপুর ইউনিয়নের নন্দেড়াই গ্রামের বাসিন্দা।
২ জুলাই শুক্রবার রাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে শনিবার সকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর কথা জানার পর থেকে পলাতক রয়েছে ছেলে রেজাওয়ান ইসলাম (২৩)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, চাকুরী ছেড়ে বাড়িতে বসে থেকে বাবার কাছে নেশার টাকা চাইতে গেলে বাবার সাথে রেজাওয়ানের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছেলে রেজাওয়ান ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার বাবা গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি জেনেছি” তবে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলেই মামলা নিয়ে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।