ডেস্ক রিপোর্ট
২১ মে ২০২১, ২:৪১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মে) সকালে উপজেলার ইসলামপুর এলাকার আলীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও তিন জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন পিকআপ ভ্যানের যাত্রী রনি খন্দকার। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান যাত্রী রনিসহ দুই জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহত তিন জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।