ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রংপুরে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

আপডেট টাইম : মে ১৮, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

রংপুর প্রতিনিধি:: দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতার করার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) বিকাল ৪.৩০টায় শহরের প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগর সহ- সভাপতি প্রহলাদ রায় ও সঞ্চালনা করেন শ্যাম সরকার।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন সুজন, রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান রুপন।

বক্তারা বলেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম গত কয়েক মাস ধরেই স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করে যাচ্ছিলেন।

বক্তারা বলেন, রোজিনা ইসলামের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমেই দেশবাসীর সামনে এ করোনা মহামারির মধ্যেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র ফুটে ওঠে। সোমবার (১৭ মে) তাকে মন্ত্রণালয়ের একটি ফাইল চুরির মিথ্যা অভিযোগে প্রায় ৫ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে পরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে রোজিনা ইসলামের নামে অভিযোগ দেওয়া হয়েছে। করোনা মহামারির মধ্যেও স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতির মুখোশ সবার সামনে উন্মোচিত করায় রোজিনা ইসলামকে সরকারের আক্রোশের মুখে পরতে হয়েছে।

বক্তারা বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ সংবিধান বিরোধী। অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের বরা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা তার মুক্তির দাবি জানাচ্ছি।

শেয়ার করুন