ডেস্ক রিপোর্ট

১১ মে ২০২১, ৭:০৫ অপরাহ্ণ

টঙ্গীতে শ্রমিকদের উপর গুলি চালানোর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : মে ১১, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গাজীপুরের টঙ্গীর মিল গেইটে পাওনা ছুটির দাবিতে আন্দোলনরত হামীম গ্রুপের শ্রমিকদের উপর গুলি চালানোর প্রতিবাদে আজ মঙ্গলবার, ১১ মে, ২০২১ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

পল্টন মোড়ের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি’র কোষাধ্যক্ষ প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড মাহবুব আলম।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, গার্মেন্ট টিইউসির
সভাপতি কমরেড মন্টু ঘোষ, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজেদুল হক রুবেল।

সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য গার্মেন্ট শ্রমিকনেতা কমরেড সাদেকুর রহমান শামীম।

সমাবেশে নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিবাদি মানুষের উপর গুলি চালিয়ে কোন শাসক তার গদি রক্ষা করতে পারেনি। আইয়ুব খান পারে নাই, এরশাদ পারে নাই, আপনারাও পারবেন না। তারা বলেন মালিকশ্রেণির বশংবদ হয়ে শ্রমিক নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা অতিমারিকালে সরকার দেশের অধিকাংশ মানুষ যারা শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর খেটে খাওয়া মানুষ তাদের কথা ভাবেনি। বরং তারা নানা রকম সুযোগ সুবিধা প্রণোদনা দিয়ে ধনিকদের লুটপাটের মাধ্যমে আরো ধনিক হওয়ার সুযোগ করে দিয়েছে। লকডাউন লকডাউন খেলা খেলে সরকার ঈদে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে কাজের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষগুলোকে বিপদে
ফেলে দিয়েছে। ব্যক্তিগত গাড়ীতে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার অনুমতি থাকলেও গণপরিবহন বন্ধ করে দেয়ায় বিপদে পরেছে দরিদ্র শ্রমিকরা। নেতৃবৃন্দ বলেন, এপ্রিল ও মে মাসের ছুটির দিনগুলোতে ‘জেনারেল ডিউটি’ করানো হয়েছে ঈদের সাথে সেই ছুটিগুলো দেয়া হবে বলে। এখন সেই ছুটি মালিকরা দিচ্ছে না। পাওনা ছুটি চাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকরা আজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

নেতৃবৃন্দ যাদের নির্দেশে শ্রমিকদের উপর হামলা চালানো হয় তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। নেতৃবৃন্দ আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসারত কাঞ্চনসহ আহত সকল শ্রমিকের সুচিকৎসার ব্যয়ভার সরকার ও মালিককে বহন করার দাবি জানান।

নেতৃবৃন্দ ঈদের আগে গার্মেন্ট শ্রমিকসহ সকল শ্রমিকের ঈদ বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।

সমাবেশে শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন