ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২১, ৬:৫৪ অপরাহ্ণ

করোনা টেস্ট বিনামূল্যে করার দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

আপডেট টাইম : এপ্রিল ২৭, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অনেকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষা করছে। কিন্তু এদেশের গণমানুষের অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটি কোভিড-১৯ টেস্টের শুরু থেকেই তাঁর গণ চরিত্র লুপ্ত করে, অত্যন্ত উচ্চমূল্যে, ১৫০০টা ফি নিয়ে বাণিজ্যিকভাবে কোভিড-১৯ টেস্ট করে যাচ্ছে।

বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন বাণিজ্যিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে দাবি জানাচ্ছে, সাধারণ জনগণের অর্থে পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ পরীক্ষা বিনামূল্যে করতে হবে এবং তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।

গত দেড় বছর ধরে চলমান কোভিড-১৯ মহামারীতে সারা বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে। বাংলাদেশের চিত্রও এর ব্যতিক্রম নয়। উপরন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোভিড-১৯ মোকাবিলায় নানাবিধ অব্যবস্থাপনা, খামখেয়ালিপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত এবং সীমাহীন দূর্নীতির কারণে এদেশের মেহনতী জনগণ এবং শিক্ষার্থীরা চূড়ান্ত মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতির এই মহাদূর্যোগকালে বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাব সুবিধা থাকার পরেও কোভিড-১৯ মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া জাতির জন্য হতাশাজনক। বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই মহামারি মোকাবিলায় কোভিড-১৯ এর টেস্ট, ভ্যাক্সিন উৎপাদনসহ সার্বিক গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে জরুরি উদ্যোগ গ্রহণ করার দাবি জানায়।

এই পরিস্থিতিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোভিড-১৯ মোকাবিলায় এদেশের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই এবং বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে কোভিড-১৯ টেস্ট শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীর জন্য সীমাবদ্ধ না রেখে এদেশের মেহনতি মানুষের জন্যও উন্মুক্ত করার দাবি জানাই।

 

শেয়ার করুন