ডেস্ক রিপোর্ট

১৪ এপ্রিল ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ

ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার হোসেনকে গ্রেফতারের নিন্দা ছাত্র ইউনিয়নের

আপডেট টাইম : এপ্রিল ১৪, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম নেতা আখতার হোসেন পুলিশ বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ার ঘটনায় নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, স্বৈরাচারী সরকারের দমননীতির বিরুদ্ধে যখনই মানুষ প্রতিবাদ জানাচ্ছে, তখনই তার উপর নেমে আসছে সীমাহীন অত্যাচার। আমরা জানতে পেরেছি যে আখতার হোসেনের নামে এরই মধ্যে দুটি মামলাও দায়ের করা হয়েছে। সরকারি পেটুয়া বাহিনী কর্তৃক হামলা ও মিথ্যা মামলা বিরুদ্ধ মত দমনের এক ঘৃণ্য অপকৌশল ছাড়া যে আর কিছুই নয় তা দেশের মানুষের কাছে দিবালোকের মত পরিষ্কার। একই অপতৎপরতার অংশ হিসেবেই কারাগারে আটকে রাখা হয়েছে খুলনার শ্রমিক নেতা রুহুল আমিনসহ আরো অনেক নাগরিককে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয় আরো বলেন, আমরা সকল রাজবন্দীর মুক্তি চাই। ডিজিটাল নিরাপত্তা বিধানের নামে একটি তথাকথিত আইনকে হাতিয়ার বানিয়ে বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিকসহ নানা পেশার মানুষের কন্ঠরোধ করা হচ্ছে, জেলে পুরে নির্যাতন করা হচ্ছে। এগুলো নিশ্চিতভাবেই ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে তা আঁকড়ে ধরে রাখবার আওয়ামী অপচেষ্টার উদাহরণ।

নজির আমিন চৌধুরী জয় আশা প্রকাশ করে বলেন, বাংলা নতুন বছরে বৃহত্তর ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন অবসানের সংগ্রাম ত্বরান্বিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই নিপীড়ক সরকারের বিষদাঁত ভেঙে দিতে যা কিছু করতে হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের ছাত্র, শ্রমিক, জনতাকে সাথে নিয়ে তা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন