ডেস্ক রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ৪:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ৫২’র মহান ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জরুরি জাতীয় সম্মেলন আজ ১২ এপ্রিল ২০২১, সোমবার সকাল ১১টায় ঢাকার পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদ নির্বাচন করা হয়।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন নজির আমিন চৌধুরী জয়; গত ১৯ ও ২০ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনের প্রতিনিধি ও পর্যবেক্ষকগণ জরুরী কাউন্সিলের প্রতিনিধি ও পর্যবেক্ষক ছিলেন।
কাউন্সিলের শুরুতে ৭ সদস্য বিশিষ্ট বিষয় নির্বাচনী কমিটি নির্বাচন করা হয়।
সম্মেলনের সর্বসম্মত প্রস্তাবনায় বলা হয়, ‘গত ৪০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলে সংগঠিত গঠনতান্ত্রিক ও নীতিগত ব্যত্যয়সমূহ সংশোধনের অনিবার্য প্রয়োজনে এই জরুরি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মহান আদর্শ, সংগ্রামী ঐতিহ্য সমুন্নত রাখতে এবং আগামী দিনের লড়াইয়ে সংগঠনের সুদৃঢ় ঐক্য রক্ষায় এই সম্মেলন একটি ভিত্তি হিসেবে বিবেচিত হবে।’
সম্মেলনের প্রস্তাবনায় শিক্ষা, কাজ, গণতান্ত্রিক অধিকার আদায়ে; সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে; সর্বপরি সমাজতান্ত্রিক সমাজ গড়ার সংগ্রামে দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পরার আহ্বান জানানো হয়।
একইসঙ্গে দেশের শ্রমিক মেহনতি মানুষ, জাতি-সম্প্রদায় ও লৈঙ্গিক বিবেচনায় মজলুম জনতার পাশে সর্বদা সর্বাত্মক সংহতি প্রকাশের জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানানো হয়।
জরুরি সম্মেলনের নির্বাচনী অধিবেশনে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়। কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল।
সহ-সভাপতি নজির আমিন চৌধুরী, সুমাইয়া সেতু, তাহসীন মল্লিক, কে এম মুত্তাকী, আবু সালেহ শিহাব, অনন্য ঈদ ই আমিন, সম্পা দাস, সরোজ কান্তি, সহকারী সাধারণ সম্পাদক রাগীব নাঈম, তামজীদ হায়দার চঞ্চল ও মাহির শাহরিয়ার রেজা, সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু।
কমিটির কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল রনি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মীম আরাফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ জামিল, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদাত মাহমুদ, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক জাওয়াদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শুভ বনিক, ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুনিরা দিলশাদ।