ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ

গোপালগঞ্জের প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : নভেম্বর ১৭, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের থানায় আগুন দেওয়ার খবর প্রকাশের পর নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ হোক, কাল হোক প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতা-কর্মী মিছিল নিয়ে গিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা করেন। তাঁরা প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন। তারপর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন তাঁরা।

এ খবর প্রকাশের পর জাতীয় সংসদে প্রসঙ্গটি তুলে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাতে সংসদে তৈরি পোশাক শিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।

পরে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপার থেকে সাবেক এমপি–মন্ত্রীরা গত কয়েক দিনে ‘মেসেজ’ (বার্তা) দিচ্ছেন। এটা তাদের (আওয়ামী লীগ) চরিত্র। তাদের স্বভাব আগুন দিয়ে মানুষ পোড়ানো।

এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের চরিত্র আবার নতুন করে উন্মোচিত হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা চাইছে সরকার যেন আওয়ামী কায়দায় রাজপথে গুলি করে। কিন্তু সরকারের নীতি হলো একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জনের অপরাধের বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা হবে।

বর্তমান সরকার গণতান্ত্রিক প্রকৃতির সরকার উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এই দেশে আর কোনো রকম রাজপথে আন্দোলনকারীদের হত্যার ঘটনা দেখতে চায় না। তবে যদি কেউ থানা, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয়, সে ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি। সাধারণ মানুষ বুঝুক। দেশের মানুষ বুঝুক, আওয়ামী লীগ কী চায়।’ তিনি বলেন, ‘এই দেশে হুমকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’

কিছু দুষ্কৃতকারী সীমান্তের ওপার থেকে উসকানি দিচ্ছে উল্লেখ করে সে ফাঁদে পা না দেওয়ার জন্য গোলাপগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মসজিদের মাইকে ঘোষণা দিয়ে, থানা আক্রমণ করার জন্য যারা আহ্বান জানিয়েছে, তারা যদি মনে করে তাদের রেকর্ড, ভিডিও ফুটেজ, অডিও আমাদের কাছে নেই, তারা ভুল করবে।’

হুঁশিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের আইনের হেফাজতে আনা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও গায়ে হাত দেয়নি। শান্তিপূর্ণভাবে বল প্রয়োগ করেছে। এখন তারা বুঝেছে এই আন্দোলনের নামে শ্রমিকদের ব্যবহার করে কারা কী ফায়দা নিতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী শক্তি, পতিত মাফিয়া শক্তি কোনো দিনই আর গণতান্ত্রিকভাবে এ দেশে রাজনীতি করতে পারবে না। তারা সেই বৈধতা হারিয়েছে। তারা এই দেশে গণহত্যা চালিয়েছে।

মাঝেমধ্যে ডিসেম্বরে ডিসেম্বরে আসব বলছে—মন্তব্য করে তিনি বলেন, ‘আসিব আসিব বলিয়া বাংলাদেশে তার নেতা–কর্মী যেগুলো আছে, এখনো বনজঙ্গলে পালিয়ে আছ, তাদের যে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এটা তারা যেন…।’

আওয়ামী লীগ সম্পর্কে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু আশ্বস্ত করতে চাই, এই দেশে তথাকথিত ফ্যাসিবাদী শক্তি যারা পালিয়ে তাদের নিজের আশ্রয়ে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।’

শ্রমিক অসন্তোষের পেছনে অন্য পক্ষের উসকানি রয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার প্রতিদিন কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনায় শ্রমিকেরা কাজে ফিরে যাওয়ার এবং মজুরি বোর্ডের মাধ্যমে মজুরি নির্ধারণ করাতা মেনে নেওয়ার কথা বলেছেন বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করেছে, তবে শ্রমিকদের ওপর গুলি চালায়নি। কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শেয়ার করুন