ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

সিলেটে অনুষ্ঠিত হলো ‘নৃত্যানুষ্ঠান ‘বন্দনা’

আপডেট টাইম : অক্টোবর ১৬, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

 

সিলেট প্রতিনিধি: মহালয়া উপলক্ষে সিলেটে সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বন্দনা’। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের রিকাবীবাজারস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নৃত্যনাট্য পরিবেশিত হয়। এতে ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং সংস্কৃতিকর্মী ও সাংবাদিক উত্তম কাব্য।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ বেতার সিলেটের শিল্পী জান্নাতুল নাজমীন আশা।

মহালয়ার আবহে আয়োজিত এ বিশেষ নৃত্যানুষ্ঠানে নৃত্য ও সংগীতের সমন্বয়ে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও শৈল্পিক সৌন্দর্য। ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় দেড় ঘণ্টার নৃত্যনাট্যটি দর্শকদের সামনে এক নান্দনিক সাংস্কৃতিক আবহ তৈরি করে।

এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সিলেটে শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্যচর্চার বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বিভিন্ন অঞ্চলের শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।

সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গনের এ আয়োজন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে মহালয়ার আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

শেয়ার করুন