ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

চবির শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি বাসদের

আপডেট টাইম : আগস্ট ৩১, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : বাসদ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২নং গেইট এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ব্যক্তি এবং উস্কানিদাতাদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয় বলেন, ” গতকাল রাত সোয়া ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেট এলাকায় এক নারী শিক্ষার্থী বাসায় ঢোকাকে কেন্দ্র করে দারোয়ানের সাথে বাকবিতন্ডা এবং ছাত্রী লাঞ্চনার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সংঘটিত হয়।স্থানীয় নানা উস্কানি এবং সন্ত্রাসী হামলায় বিশ্ববিদ্যালয়ের ৫০- ৬০ জন শিক্ষার্থী গতরাতেই আহত হয়। রাতে শিক্ষার্থীদের উপর এই হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দেয়।

আজ সকালেও এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের চারপাশ থেকে শিক্ষার্থীদের উপর নির্মমভাবে মারধর,হামলা এবং কুপিয়ে রক্তাক্ত করা হয়। এর ফলে শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। চ.বি হাসপাতাল, চমেক ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাদের নেয়া হয়েছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও আহত হওয়ার ঘটনা ঘটে।গুরুতরভাবে আহত অনেক শিক্ষার্থীদের অবস্থা খুবই আশংকাজনক।

এই অবস্থায় সেনা মোতায়েন করা হলেও গতরাত থেকে সংঘটিত এই পরিস্থিতি মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিশ্ববিদ্যালয়ে হল ও আবাসন সংকট তীব্র হওয়ায় দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের এখানে কটেজ ও বাসা ভাড়া করে থাকতে হয় এবং এখানে নিরাপত্তার অভাবও দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে। আবাসন সংকটের ফলে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। ‘

বিজ্ঞপ্তিতে বাসদ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলায় জড়িত ও উস্কানিদাতাদের দ্রুত বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসাসহ হল-আবাসন সংকট নিরসনের দাবি জানানো হয়।

শেয়ার করুন