ডেস্ক রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান আজ ১০ ফেব্রুয়ারি ২০২৪ এক যুক্ত বিবৃতিতে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের রাজধানীর মোহাম্মদপুরের বাসায় বেআইনি ভাবে নিয়োজিত শিশু গৃহশ্রমিক প্রীতি উরাং মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক দম্পতির নবম তলার বাসায় কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলার মির্তিংগা চা বাগানের শিশু গৃহশ্রমিক প্রীতি উরাং নবম তলা থেকে পড়ে মারা যায়। স্থানীয়রা গেইটে অবস্থান নিলে পুলিশ গিয়ে প্রীতির মৃতদেহ উদ্ধার করে এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আশফাকুল হক ও তার স্ত্রী-সহ কয়েকজনকে থানায় জিজ্ঞেসাবাদের জন্য নিয়ে যায়।
স্থানীয়রা বলেন প্রীতিকে নবম তলা থেকে ফেলে মারা হয়েছে। মেয়েটির শরীরে জামা থাকলেও পাজামা ছিলো না। ধারণা করা হয় মেয়েটিকে ধর্ষণ করে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রায়ই ভবনের নবম তলা থেকে প্রীতির চিৎকার শোনা যেত। আশফাকুল হক দম্পতির বাসায় এর আগেও ৯ বছরের আরেক শিশু গৃহশ্রমিক ফেরদৌসী নবম তলা থেকে লাফ দিয়ে পড়ে আহত হয় এবং মেয়েটির মা তাদের বিরুদ্ধে মামলা করলেও কোনো বিচার পাওয়া যায় নি। উল্টো বলা হয়েছিল শিশুটিকে দিয়ে নাটক সাজানো হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রীতি উরাং যেই বয়সে স্কুলে যাওয়ার কথা সেই সময় সে অন্যের বাসায় কাজে নিয়োজিত ছিলো। দেশে শিশু শ্রম নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ বলা হলেও বাস্তবে প্রয়োগ না থাকায় হাজারো প্রীতি এই সমাজের নির্যাতনের শিকার। অভিযুক্ত সৈয়দ আশফাকুল হক বিত্তবান ও প্রভাবশালী সাংবাদিক; আর শিশু প্রীতি উরাং দরিদ্র চা শ্রমিক সন্তান। ফলে গুরুতর অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন অপরাধী আশফাকুল দম্পতি।
নেতৃবৃন্দ প্রীতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।