ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ ইউনুস নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শিশুসহ আরও ৪-৫ জন আহত হয়েছে।
নিহত মোহাম্মদ ইউনুস উখিয়া কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের বাসিন্দা।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার। তিনি বলেন, বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসও অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবক ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে আইএমও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।