ডেস্ক রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ১৯৬৬ ফুটবল বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের অন্যতম সেরা তারকা তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের কত জয়ের নায়ক। সেই ববি চার্লটন আজ চলে গেলেন অন্যলোকে।
কিংবদন্তি ইংলিশ ফুটবলারের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, শনিবার সকালে স্যার ববি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন। যারা তাঁর এগিয়ে চলার পথে যত্ন নিয়েছেন, সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
বয়স ৮৬ হয়ে গিয়েছিল। তিন বছর ধরে ভুগছিলেন স্মৃতিভ্রংশ রোগে। ফুটবলপ্রেমীদের এত এত দুর্দান্ত সব স্মৃতির নায়ক নিজেই ভুলতে বসেছিলেন তাঁর কীর্তির কথা। সেই অসহ্য সময়টা খুব বেশি আর দীর্ঘায়িত হলো না। চলে গেলেন পরপারে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজের বাড়িতেই শান্তিপূর্ণ ভাবে মৃত্যু হয়েছে তাঁর।
ইংল্যান্ডের হয়ে ১০৯ ম্যাচে ৪৯ গোল করা চার্লটন দীর্ঘদিন ছিলেন দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক। ২০১৫ সালে এসে ইংল্যান্ডের হয়ে তাঁর গোলের সেই রেকর্ড ভেঙে দেন ওয়েইন রুনি। পরে ২০২২ সালে রুনিকে ছাড়িয়ে যান হ্যারি কেইনও।
অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার ও লেফট উইঙ্গার তিন জায়গাতেই খেলতে পারতেন। ১৯৫৬ থেকে ১৯৭৩— ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। জিতেছেন তিনটি লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি এফএ কাপ। ২৪৯ গোল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন প্রায় ৪০ বছর। পরে ২০১৭ সালে তাঁকে ছাড়িয়ে যান ওয়েইন রুনি।