ডেস্ক রিপোর্ট

৯ অক্টোবর ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে ঢাকায় বাসদের বিক্ষোভ

আপডেট টাইম : অক্টোবর ৯, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা নগর শাখার উদ্যোগে গাজায় নৃশংস হামলার প্রতিবাদে আজ ৯ অক্টোবর ২০২৩ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাসদ ঢাকা নগর শাখার সদস্যসচিব জুলফিকার আলির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ঢাকা নগর নেতা খালেকুজ্জামান লিপন প্রমুখ।

নেতৃবৃন্দ সমাবেশ থেকে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত লড়াইয়ের প্রতি সমর্থন ঘোষণা করেন।

নেতৃবৃন্দ বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কাজের অধিকার সংকুচিত করা, আল আকশা মসজিদে প্রবেশ নিয়ন্ত্রিত করা, ফিলিস্তিনিদের পক্ষের সাংবাদিকদের হত্যা, নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পদক্ষেপ গাজাবাসীদের অসন্তোষের তীব্রতাকে বাড়িয়ে তোলে। তার প্রতিক্রিয়ায় হামাসের আক্রমণ এবং ইসরায়েলি পাল্টা আক্রমণে ২০ লাখ গাজাবাসী ফিলিস্তিনির জীবন আজ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। ইসরায়েলি দখলদারি তৎপরতার চরম মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনির জনগণ এবং ইসরায়েলের সাধারণ নাগরিকদের। সাম্প্রতিক ঘটনাকে উপলক্ষ করে নতুন করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে নির্মম আক্রমণের শিকার ফিলিস্তিনিদের পাশে না দাড়িয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে মার্কিন এবং ইউরোপের সাম্রাজ্যবাদীরা ইসরায়েলকে সহায়তা করছে।

নেতৃবৃন্দ জায়নবাদি ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী মার্কিন ও ইউরোপের ন্যাক্কারজনক জোটের বিরুদ্ধে নিপীড়িত গাজাসহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার চক্রান্তের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পল্টন মোড় প্রদক্ষিণ করে সেগুনবাগিচাস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় ।

শেয়ার করুন