ডেস্ক রিপোর্ট

২৬ এপ্রিল ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ

কারাগারে রাজবন্দীরা অমানবিক জীবন যাপন করছেন: রুহুল কবির

আপডেট টাইম : এপ্রিল ২৬, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বর্তমান সরকারের ‘হিংস্রতা’ শুধু রাজপথেই নয়, কারাগারেও দেখা যায়—এ অভিযোগ করেছেন সদ্য কারামুক্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারে রাজবন্দীরা অমানবিক জীবন যাপন করছেন।

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরদিন বুধবার বিএনপির নেতা রুহুল কবিরের বাসভবনে গিয়ে দলের নেতা–কর্মীরা শুভেচ্ছা জানান।

এ সময় তিনি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন।

রুহুল কবির বলেন, এই সরকার জুলুম করে অত্যাচার চালিয়ে নেতা–কর্মীদের দমিয়ে রাখতে পারেনি। আজকে যে লড়াই চলছে, সেটি গণতন্ত্রের জন্য লড়াই, বাক্‌স্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই।

কারাগারে থাকার সময় নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে রুহুল কবির বলেন, ‘আমাকে একা একটি প্রিজন ভ্যানে দাঁড় করিয়ে কারাগার থেকে আদালতে আনা–নেওয়া করা হতো। আমি শারীরিকভাবে অসুস্থ। গাড়ি ব্রেক করলেই আমি পড়ে যেতাম। পরে অবশ্য হাইকোর্টে নির্দেশে গাড়িতে আমার জন্য একটি চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল।’

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে রুহুল কবির রিজভীকে আটক করা হয়।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ কোথায় হবে, এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই ৭ ডিসেম্বর বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত ও বিএনপির অর্ধশত নেতা-কর্মী ও সমর্থক আহত হন।

৭ ডিসেম্বরে সেই সংঘর্ষের ঘটনার পর বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় এবং এতে রুহুল কবিরসহ দলের প্রায় ৩০০ নেতা–কর্মীকে পুলিশ গ্রপ্তার করেছিল।

প্রায় চার মাস পর ৫০ মামলায় জামিনে মুক্তি পান রুহুল কবির রিজভী।

শেয়ার করুন