ডেস্ক রিপোর্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: বর্তমান নির্বাচন কমিশন (ইসি) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ ব্যর্থতার সর্বশেষ প্রমাণ গত বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচন।
এবারের উপনির্বাচনের ‘ব্রাহ্মণবাড়িয়া মডেল’ নির্বাচনব্যবস্থার ওপর জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট করে দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার ৫২ বছরে দেশে যে ১১টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে সাতটি দলীয় সরকার ও চারটি তত্ত্বাবধায়ক সরকারের অধীন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো আপেক্ষিক অর্থে সুষ্ঠু হয়েছে বলে জনগণ মনে করে এবং তারা নির্বাচন মেনে নিয়েছিল। আর দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত নির্বাচন কোনোটিই সুষ্ঠু ও অবাধ হয়নি।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর, বাসদ (মার্ক্সবাদী)–এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক যৌথভাবে বিবৃতিটি দিয়েছেন।
বিবৃতিতে নেতারা বলেন, অতীত অভিজ্ঞতা থেকেই দেশবাসী মনে করে, বর্তমানে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। জনগণের আকাঙ্ক্ষা ও বিরোধী সব রাজনৈতিক দল, ব্যক্তি ও গোষ্ঠীর দাবি অনুযায়ী অবিলম্বে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীন নির্বাচন দিতে হবে।