ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২১, ৪:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাশিয়া ও চীনের সঙ্গে টিকা নিয়ে সম্পাদিত অপ্রকাশযোগ্য চুক্তির ছবি তুলেছেন সাংবাদিক রোজিনা ইসলাম। সেসব তথ্য প্রকাশ হলে টিকা প্রাপ্তি অনিশ্চয়তা তৈরি হতো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনার পূর্বের কোনো সংবাদের জন্য ব্যবস্থা নেয়া হয়নি। গতকাল যে ঘটনা ঘটেছে সে ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি না বলে সরকারি ফাইল নিয়ে যাচ্ছিলেন। সেগুলোর ছবি তুলছিলেন। অনুমতি ছাড়াই ওই রুমে প্রবেশ করেছেন। এগুলো রাষ্ট্রীয় গোপন বিষয়। তিনি অন্যায় করেছেন।
তিনি বলেন, বলেন, আমরা দেড় বছর ধরে করোনা নিয়ে কাজ করছি। টিকার সংকট দেখা দিয়েছে। সেই টিকা নিয়ে আমরা দিন-রাত পরিশ্রম করছি। চায়নার সঙ্গে, রাশিয়ার সঙ্গে, আমেরিকার সঙ্গে… চুক্তির পর্যায়ে চলে গেছি। নন ডিসক্লোজার সই করছি। সেই জিনিসগুলো যদি কেউ নিতে চায়, ডিসক্লোজ করতে চায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে। ওই রাষ্ট্র হয়ত আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কই রাখবে না। আমাদের টিকা পাওয়া তো দূরের কথা, আমাদের সম্পর্কই নষ্ট হয়ে যাবে।
মন্ত্রী জানান, সাংবাদিক রোজিনাকে নির্যাতন করা হয়নি, তবে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। একজন সিনিয়র অফিসার ও দুই জন নারী কর্মকর্তা ছিলেন সেখানে। যখন স্টেট সিক্রেটের বিষয় আসছে তখন তারা পুলিশ ডেকেছে। তারপর এই বিষয়গুলো ঘটেছে।