ডেস্ক রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ‘বিনা ভোটে’ নির্বাচন ও দিনের ভোট ‘রাতে করে’ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে জোটের নেতারা বলেছেন, ক্ষমতায় থাকা নিয়ে এই সরকার এখন আতঙ্কিত। তাই তারা যেকোনো ধরনের ছোটখাটো সভা-সমাবেশেও হামলা করছে।
নেত্রকোনায় সিপিবির সমাবেশে হামলার প্রতিবাদে এই সমাবেশ করা হয়। আজকের সমাবেশ থেকে ওই হামলার সঙ্গে জড়িত অভিযোগে আওয়ামী লীগের নেতা–কর্মী ও পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, নেত্রকোনার কলমাকান্দায় গত শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে হামলা হয়।
আজ পল্টনের সমাবেশের সভাপতিত্ব করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। তিনি বলেন, এই সরকার টিকে আছে পুলিশ, আমলা ও ধনিক শ্রেণির সমর্থন নিয়ে। কৃষক, শ্রমিক, ছাত্রসহ সংখ্যাগরিষ্ঠ মানুষের নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। এর অংশ হিসেবে নেত্রকোনায় তারা হামলা করেছে।
সমাবেশে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী বলেন, যেকোনো ধরনের ছোটখাটো প্রতিবাদেও তারা (ক্ষমতাসীন দল ও পুলিশ) হামলা করছে। পুলিশকে এই সরকার নিজস্ব বাহিনীতে পরিণত করেছে।
সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি নেতা সাজ্জাদ জহির।
বক্তব্য দেন বাম জোটের নেতা ইকবাল কবির, শহীদুল ইসলাম, সীমা দত্ত প্রমুখ। সমাবেশ শেষে বাম জোটের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।