ডেস্ক রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: খাগড়াছড়িতে মঙ্গলবার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে পিটিয়ে আহত করেছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। আহত শিক্ষিকার নাম মৌসুমী ত্রিপুরা। তিনি সদর উপজেলার মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। আর অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার নাম সুভায়ন খীসা। তিনি সদর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে কর্মরত।
আহত শিক্ষিকা জানান, সকালে বিদ্যালয়ের নড়বড়ে গেট সংস্কারের আবেদন নিয়ে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গেলে সুভায়ন খীসা প্রথমে অসৌজন্যমূলক আচরণ ও পরে আমাকে পিটিয়ে আহত করেন। সহকর্মীরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষিকা মৌসুমী অসৌজন্যমূলক আচরণ করায় তার সঙ্গে আমার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দরজায় ধাক্কা লেগে তিনি আহত হন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মিথিলা বড়ুয়া জানান, ওই শিক্ষিকা মাথায় আঘাত পেয়েছেন। তাই সিটিস্ক্যান করানোর জন্য বলা হয়েছে। তার চোখের নিচেও সেলাই লেগেছে। তিনি সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন। তাকে হাসপাতালে দেখতে যান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন। তিনি জানান, লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেব।