ডেস্ক রিপোর্ট
১০ মে ২০২১, ৮:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: টঙ্গিতে হামীম গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানায় ঈদে পর্যাপ্ত ছুটি ও ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলিবর্ষণের ঘটনায় আজ বিকাল ৪ টায় গাজীপুর চৌরাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য’,গাজীপুর।
সংগঠনটির সংগঠক মিহিমের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন ‘শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য গাজীপুরের সংগঠক আরমান হোসেন আরমান, ইসমাঈল হোসেন অপু, শাহিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের রক্ত ঘামে কেনা বুলেট দিয়ে আজ শ্রমিকের বুকে গুলি চালিয়ে আন্দোলন দমনের এক ভয়ংকর ফ্যাসিস্ট প্রচেষ্ঠা চলছে গোটা দেশজুড়ে। দাবির জবাবে গুলি চালানোর এই সংস্কৃতি মূলত বর্তমান সরকারের আরেকটি মানবতাবিরোধী অপরাধের নিদর্শন। এই করোনা মহামারিতে পোশাক শ্রমিকদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে ফেলে মালিকপক্ষ তাদের মুনাফার চাকা সচল রেখেছে। অথচ সেই শ্রমিকরা ১০ দিন ঈদের ছুটি চাইলে তাদের দমনে লাঠিচার্জ, গুলিবর্ষণ করে পুলিশ। গুলিবিদ্ধ হয় ১৫ শ্রমিক। গত কিছুদিন আগেও বাঁশখালিতে শ্রমিকদের আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে ৮ শ্রমিককে হত্যা করে। এভাবে সারাদেশেই শ্রমিকরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। এর বিরুদ্ধে সকল শ্রমজীবি মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।
সমাবেশে বক্তারা অবিলম্বে আহত শ্রমিকদের সম্পূর্ণ চিকিৎসাব্যয় বহন,ক্ষতিপূরণ প্রদান ও তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানান ।