ডেস্ক রিপোর্ট
৯ অক্টোবর ২০২১, ৬:৪৪ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি:: বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে বাসদ (মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ অক্টোবর) সকাল ১১.৩০টায় রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে পার্টির নেতৃবৃন্দ ও বিভিন্ন অঞ্চলের কর্মী-সংগঠকের উপস্থিতিতে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও রেড স্যালুট জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু।
সভা সঞ্চালনা করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু।
স্মরণসভায় প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড মানস নন্দী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর জেলার সদস্য সচিব কমরেড মোমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার সাবেক সভাপতি ছাত্র নেতা রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলার সংগঠক কামরুন্নাহার খানম শিখা, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন, রংপুর জেলার আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর প্রমুখ।
স্মরণসভায় বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড মানস নন্দী বলেন, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এদেশের বাম আন্দোলনে এক স্বতন্ত্র ধারার জন্ম দিয়েছিলেন।কিশোর বয়সেই তিনি বিপ্লবী রাজনীতিকে জীবনের লক্ষ হিসেবে নির্ধারণ করেছিলেন এবং আমৃত্যু বিরামহীনভাবে এদেশের মাটিতে বিপ্লবী রাজনীতি গড়ে তোলাকেই সাধনা হিসেবে নিয়েছিলেন। তাঁর বিশ্বাস ও কর্ম অভিন্ন ছিল এবং আমৃত্যু অবিচল ছিলেন। উন্নত সংস্কৃতি-মূল্যবোধ ও বলিষ্ট চরিত্র দিয়ে তিনি সমাজের বিভিন্ন অংশের সাধারণ মানুষ, দলের নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মীদের আকৃষ্ট ও তাদের মনে গভীর ছাপ রেখে গিয়েছেন।বাংলাদেশের জনগণের শোষণমুক্তির আন্দোলনে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর সংগ্রামী জীবন ও অনন্যসাধারণ চরিত্র বিরাট অনুপ্রেরণা হিসেবে সমুজ্জ্বল থাকবে।বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তিশালী গণআন্দোলন ও নিপীড়িত মানুষের শ্রেণীআন্দোলন জোরদার করাই হবে আজকের এ স্মরণসভার স্বার্থকতা।