ডেস্ক রিপোর্ট

৩ জুলাই ২০২২, ১২:৩২ পূর্বাহ্ণ

বৃষ্টিতে বিলম্বিত বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি

আপডেট টাইম : জুলাই ৩, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রথমে সেন্ট লুসিয়া থেকে সমুদ্রযাত্রা, এরপর বৈরী আবহাওয়া—বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে থেকেই আলোচনায়। বৃষ্টির কারণে এবার পিছিয়ে গেছে নির্ধারিত সময়ের খেলা। সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, মাঠ এখনো খেলার উপযুক্ত হয়ে ওঠেনি। আম্পায়ারদের পর্যবেক্ষণের পরই জানা যাবে, কখন খেলা শুরু হবে।

মাঠে বেশ গরম, সঙ্গে রোদও আছে। তবে আছে হালকা বৃষ্টিও। পিচের কাভার তাই একটু পরপরই ফিরে ফিরে আসছে। দুই আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে দুই দলের অধিনায়ককে।

দুই দলের খেলোয়াড়রাই অবশ্য মাঠে এসেছেন, অনুশীলনও চলছে। পিচ রিপোর্টে ওয়েস্ট ইন্ডিজের সাবেক দুই ক্রিকেটার স্ট্যাসি অ্যান-কিং ও স্যামুয়েল বদ্রি জানিয়েছেন, কাভারে ঢেকে থাকার কারণে উইকেট খানিকটা আর্দ্র থাকবে। আবার ঘাসের উপস্থিতির কারণে তাই মিলতে পারে অনিয়মিত বাউন্স। তবে সব মিলিয়ে টি-টোয়েন্টির জন্য ভালো একটি উইকেটই আশা করছেন তাঁরা।

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর সীমিত ওভারে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। এ সংস্করণে সাম্প্রতিক ফর্ম অবশ্য তাদের জন্য সুবিধার নয়, সর্বশেষ ৫ ম্যাচে তাদের জয় ১টি, সর্বশেষে ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। নতুন চেহারার ওয়েস্ট ইন্ডিজও সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে।

২০১৮ সালে সর্বশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ ২-১ ব্যবধানে। তবে ২টি ম্যাচই তারা জিতেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখনো জয়শূন্যই তারা।

এ ম্যাচ দিয়েই ডমিনিকার উইন্ডসর পার্কে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, ঘূর্ণিঝড়ে মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছিল মাঠটি। ২০১৭ সালে সর্বশেষ এ মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এখানে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিই হয়েছে দুইটি, সর্বশেষটি ২০১৪ সালে।

শেয়ার করুন