ডেস্ক রিপোর্ট

২ জুন ২০২১, ১১:৫৫ অপরাহ্ণ

র‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ-তাসকিনের উন্নতি , মোস্তাফিজের অবনতি

আপডেট টাইম : জুন ২, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রথম দুই ওয়ানডে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৯৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ওই শেষ ম্যাচের পারফরম্যান্স দিয়ে কিছুটা অদল-বদল হয়েছে।

মিরপুরে ওই ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন আর মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে দুজনেরই উন্নতি হয়েছে।

৭২ বলে ৫১ রানের ইনিংস খেলা মোসাদ্দেক ১২ ধাপ এগিয়ে ১১৩ নম্বরে এসেছেন। ৬৩ বলে ৫৩ করা মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩৬ নম্বরে।

শেষ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তাসকিন আহমেদ। টাইগার পেসার ৪৬ রানে নেন ৪ উইকেট। বোলিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন তিনি।

তবে ওই ম্যাচে বল হাতে তেমন সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ৪৭ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি কাটার মাস্টার। এতে ১ ধাপ অবনমন হয়েছে তার, ৯ নম্বর থেকে নেমে গেছেন দশম স্থানে। তবে আগের মতোই র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

এদিকে বাংলাদেশকে হারানো ম্যাচে সেঞ্চুরি করে কুশল পেরেরা এবং বল হাতে আগুন ঝরিয়ে দুশমন্ত চামিরা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। লঙ্কান অধিনায়ক কুশল ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪২তম স্থানে। চামিরা ২৭ ধাপ এগিয়ে এখন তার ক্যারিয়ারসেরা ৩৩ নম্বরে।

 

শেয়ার করুন