ডেস্ক রিপোর্ট
৭ মে ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জোবায়ের হোসেন (৪৫) নামে এক মেম্বার প্রার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
নিহত জোবায়ের সোনাদিয়া ইউনিয়নের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সে সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী ছিল। এছাড়া আহত চারজন হলেন- মেহেদী হানান জীবন (২২), মো. ইরাক (৩৫), মো. রাজু (৩০) ও মো. রহিম (৩৮)। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পায়ের রগ কেটে যাওয়ায় মো. ইরাকের অবস্থা আশংকাজনক বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শেখ মাহমুদ। আহত সকলের বাড়ি উপজেলা সোনাদিয়া ইউনিয়নে। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের সমর্থক।
ঘটাস্থলে উপস্থিত আব্দুর রহিম নামে এক আওয়ামী লীগ কর্মী জানান, আজ সকালে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে চরচেঙ্গা বাজারে ইউনিয়ন পরিষদের চাল বিতরণ করা হয়। এ সময় বিতরণে অনিয়মের কথা বলে কয়েকজন প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন এসে তাদের প্রতিহত করেন। এই ঘটনার কিছুক্ষণ পর উত্তর দিক থেকে চেয়ারম্যানের লোকজন অস্ত্র নিয়ে এসে চরচেঙ্গা বাজারে অতর্কিত হামলা চালায়। এ সময় বাজারে বিচ্ছিন্নভাবে থাকা নৌাকার প্রার্থীর সমর্থকদেরকে পিটিয়ে বাজার থেকে বের করে দেয় নুরুল ইসলামের লোকজন। তখন নিহত জোবায়ের তার অফিসে অবস্থান করছিলেন। তাকেও বাজার থেকে চলে যেতে বলা হলে সে চলে না যাওয়ায় প্রথমে তাকে গুলি করে, পরে তার পায়ের দুটি রগ কেটে দেয় চেয়ারম্যান নুরুল ইসলামের লোকজন। এ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন।
এদিকে হামলার পরপরই অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এখন পর্যন্ত এই ঘটনায় ২ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের। তিনি বলেন, আমরা এখনও অভিযানে আছি। থানায় এখনও কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।