ডেস্ক রিপোর্ট

৯ এপ্রিল ২০২২, ১১:৪৬ অপরাহ্ণ

ডাইনিং ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : এপ্রিল ৯, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ডাইনিং ক্যান্টিনের দাম কমানো, খাবারে মান বাড়ানো এবং বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজ শনিবার (০৯ এপ্রিল ২০২২) বিকাল ৪:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাষ্কর্যের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। সাধারণ সম্পাদক শোভন রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতানা আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুস্মিতা মরিয়ম,তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক আনারুল ইসলাম, ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক নিঝুম নাহার।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “অন্তর আত্মহত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এসব ঘটনা জনজীবনের বিপর্যস্ততাকেই স্পষ্ট করে। একদিকে পরিবারগুলো করোনাকালীন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি, তার উপর আবার দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির ফলে পরিবারগুলো বিপর্যস্ত, অন্যদিকে দিনকে দিন শিক্ষাব্যয় বাড়ছে। যা শিক্ষাজীবনকেও বিপত্তিতে ফেলেছে। আমাদের সংগঠন করোনাকালীন সকল ধরনের বেতন-ফি মওকুফের দাবি জানিয়ে আসছে, দাবি জানিয়ে আসছে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির। কিন্তু রাষ্ট্র করোনায় বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ কোনো নজর দেয়নি, নেয়নি বিশেষ কোনো উদ্যোগ। এখনো আর্থিক ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

নেতৃবৃন্ধ আরও বলেন,সম্প্রতি মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও ধর্ম নিয়ে বিতর্ক হয়। সেই স্বাভাবিক বিতর্ককে শিক্ষকের অজান্তে রেকর্ড করে ক্লাসের বাইরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ক্লাসেরই শিক্ষার্থী। ক্লাসের অভ্যন্তরীণ বিতর্ক এ থেকে ভিন্ন দিকে মোড় নেয়, শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়, তিনি গ্রেফতার হন এবং তার জামিনও নামঞ্জুর। ঘটনাটি আমাদের হতবাক করেছে এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন।

নেতৃবৃন্দ অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি করেন এবং সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবি জানান। শিক্ষার সকল দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এই দাবিতে নেতৃবৃন্দ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন