ডেস্ক রিপোর্ট
৪ মে ২০২১, ৩:৪৯ অপরাহ্ণ
রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা নিয়ে শিক্ষক ও ছাত্রলীগের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রেজিস্ট্রার সিন্ডিকেট সভা স্থগিতের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার মেয়াদ শেষ হচ্ছে বর্তমান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের। মঙ্গলবার সকালে সভার আহ্বান করা হয়।
সিন্ডিকেট সভায় অবৈধভাবে নিয়োগ দেওয়া হবে এই আশঙ্কায় আগে থেকে সভা বন্ধের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষক সমাজের ‘দুর্নীতি বিরোধী শিক্ষকরা।
তারা সকাল সাড়ে ৯টায় অবস্থানের ঘোষণা দেয়। তবে তাদের আগেই উপাচার্যের বাসভবনের গেটে অবস্থান নেয় ছাত্রলীগের বর্তমান ও সাবেক সদস্যরা। তাদের অধিকাংশই চাকরিপ্রত্যাশী।
সকাল ১০টার দিকে আন্দোলকারী শিক্ষকরা উপাচার্যের বাসভবনে ঢুকতে চাইলে ছাত্রলীগের নেতারা বাধা দেন। শিক্ষকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ছাত্রলীগের নেতারা শিক্ষকদের ধাক্কা দেন। এ সময় আকাশ নামে ছাত্রলীগের বহিরাগত কর্মী শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি দেন। আকাশের বাড়ি মেহেরচন্ডী এলাকায় বলে জানা গেছে।
আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধি ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যাব না। তারা ভাড়াটিয়া নিয়ে এসেছে আমাদের আন্দোলন বন্ধ করতে।
তবে হুমকির বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম জানান, ‘শিক্ষকদের আন্দোলনের কারণে আজকের সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে।