ডেস্ক রিপোর্ট

৯ ফেব্রুয়ারি ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ

জ্বালানিখাতের সমস্যা-সমাধান তুলে ধরা হবে বাপা-বেন সম্মেলনে

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৯, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) নেতারা বলেছেন, দেশে বিগত দিনে জ্বালানিখাতের দ্রুত বিকাশ ঘটেছে। এ উন্নয়নের সঙ্গে শুরু হয়েছে নানা সমস্যা। এসব সমস্যা নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়োজন করা হবে বাপা-বেন সম্মেলন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নবিষয়ক সম্মেলন-২০২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আলোচকরা এসব কথা বলেন।

তারা জানান, করোনা মহামারির কারণে এ সম্মেলন আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুইদিন হাইব্রিড মুডে (অনলাইন ও অফলাইন) অনুষ্ঠিত হবে।

বাপার অস্ট্রেলিয়ার কো-অর্ডিনেটর কামরুল হাসান খান বলেন, আমরা দীর্ঘদিন ধরে জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নবিষয়ক আন্দোলন করে আসছি। বিভিন্ন সময় নানা ইস্যু আসে, ইস্যুকে ধরে ধরে আমরা কথা বলি।

এ আন্দোলন করতে গিয়ে মাঠে একটা স্লোগান ছিল এখনো আছে, ভুল নীতি এবং দুর্নীতির কারণে আমাদের এই সংকটগুলো অব্যাহত। সুতরাং এ ভুল নীতি দূর করে বিকল্প কোনো নীতি গ্রহণ করা যায় এ সম্মেলন সে পথ নির্দেশনা দেবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে জ্ঞানীরা যারা গবেষণা করেন তাদের যে পরামর্শগুলো আছে সেগুলো সরকার গ্রহণ এবং বাস্তবায়ন করবে। এছাড়া আমাদের সামনে কোনো পথ নেই।

আমরা একটা বিপর্যয় অবস্থার মধ্যে আছি। শব্দদূষণ থেকে বায়ুদূষণ, রাজনৈতিকদূষণ, দুর্নীতিদূষণ সব জায়গায় আমরা পরিপূর্ণ। এখান থেকে আমাদের ফিরে আসার জন্য আমাদের আন্দোলনে সবার অংশ নেওয়া দরকার।

বাপার নির্বাহী সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ সংগঠনটির একাধিক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন