ডেস্ক রিপোর্ট

৩০ জানুয়ারি ২০২২, ১১:৫৪ অপরাহ্ণ

আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল: মির্জা ফখরুল

আপডেট টাইম : জানুয়ারি ৩০, ২০২২ ১১:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল। আওয়ামী লীগ চরিত্রগতভাবে একটি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগ যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের বাদ দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগের যারা নেতৃত্বে এসেছিলেন তাদের অন্তরে ও গঠনে ডেমোক্রেসি ছিল না। তাই ১৯৭১ সালের পরে অতি দ্রুত আওয়ামী লীগ সেই পথে ধাবিত হলো এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করল। তারা গণতন্ত্রকে হত্যা করে ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করল’।

রবিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাকশাল প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিনগুলোর মধ্যে সবচেয়ে কলঙ্কযুক্ত একটি দিন। কারণ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন, মুক্তচিন্তার একটি সমাজ বিনির্মাণের জন্য। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সেই আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছিল’।

তিনি বলেন, ‘১৯৭১ সালেই শুধু এ দেশের মানুষ যুদ্ধ করেনি। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এ দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৫২ থেকে ১৯৭১-এর স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত নিরস্ত্র সংগ্রাম করে গেছে। বাকশাল ছিল সেই সংগ্রামী মানুষগুলোর সঙ্গে একটি প্রতারণা’।

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটি শুধুমাত্র একটি ভূখণ্ডের জন্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য ও সমাজকে গণতান্ত্রিক করার জন্য। জনগণের সেই আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়ে ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ভয়াবহ কলঙ্কময় দিনটিকে স্মরণ করার জন্য ও সেখান থেকে শিক্ষা নেয়ার জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি আজকে যে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে সে জন্য তাদের ধন্যবাদ জানাই’।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শেয়ার করুন