ডেস্ক রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ১২:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ যে ম্যাচটা হারতে যাচ্ছে তা দ্বিতীয় দিনই পরিষ্কার হয়ে যায়। এমনকি তৃতীয় দিন সকালেই বাংলাদেশ আরো একবার গুটিয়ে যায় কিনা সেই শঙ্কা নিয়েই ভোরে টিভি পর্দায় চোখ রেখেছিল দর্শকরা। মুমিনুল হকের দল অবশ্য তৃতীয় দিন প্রায় পুরোটা কাটিয়ে দিল। পাল্টা আক্রমণে লিটন দাস সেঞ্চুরি তুলে নিলেন। এরপরও ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দুই দিন হাতে রেখেই ইনিংস ও ১১৭ রানে জিতে নেয় নিউজিল্যান্ড। তবে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র হলো। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করার গৌরব অর্জন করল বাংলাদেশ।
নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণার পর আগের দিনই বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১২৬ রানে। ফলো-অনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭৮ রান করতে পারে টাইগাররা।
এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন নিউজিল্যান্ডের রস টেইলর। এবাদত হোসেনকে ফিরিয়ে যিনি বাংলাদেশের দ্বিতীয় ইনিংস তথা ম্যাচের ইতি টানেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক লিটন দাস। চোখ ধাঁধানো ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় শতক তুলে নেন তিনি। ১১৪ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১০২ রান করেন তিনি।
মুমিনুল হক ৩৭ ও নুরুল হাসান সোহান ৩৬ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল কাইল জ্যামিসন। ৮২ রান খরচায় ৪ উইকেট তিনি। নিল ওয়াগনার ৭৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
প্রথম ইনিংসে ৫ উইকেটে নেওয়া ট্রেন্ট বোল্ড দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেট শূন্য।
কিউইদের পক্ষে প্রথম ইনিংসে ২৫২ রানের ইনিংস খেলা টম ল্যাথাম হয়েছেন ম্যাচ সেরা। সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে হয়েছেন সিরিজ সেরা। প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি।