ডেস্ক রিপোর্ট
১ জানুয়ারি ২০২২, ১:৪৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রবিবার টেলিফোনে কথা বলবেন। উভয় পক্ষ এ কথা নিশ্চিত করেছে।
এএফপি জানায়, ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশ ইউক্রেনে রাশিয়া কোন ধরনের আগ্রাসন চালালে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে— ভ্লাদিমির পুতিনকে মার্কিন নেতার এমন সতর্কবার্তা জানানোর পর এলো ফোনালাপের খবর।
এই প্রথম সরাসরি কঠোর ভাষা ব্যবহার করে শুক্রবার বাইডেন বলেন, ‘আমি প্রকাশ্যে এখানে আলোচনা করতে আসিনি। আমরা এটা স্পষ্ট করে বলেছি, তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতে পারেন না।’
দেলওয়ারের উইলমিংটনে সাংবাদিকদের ব্রিফিংকালে আরও বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ‘আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবো এবং আমরা ন্যাটো মিত্রদের নিয়ে ইউরোপে আমাদের উপস্থিতি জোরদার করবো।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জেলানস্কির সঙ্গে রবিবার কথা বলার সময় বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত এবং ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতির বিষয়ে আলোচনা করবেন। তিনি এ অঞ্চলে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে সহায়তায় আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততার প্রস্তুতি পর্যালোচনা করবেন।
এদিকে জেলানস্কি বাইডেনের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন বলে টুইটার বার্তায় জানিয়েছেন।