ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আশুলিয়া জুতা কারখানায় অগ্নিকান্ডে ৩ জন শ্রমিক নিহত হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহাসান হাবিব বুলবুল ২৪ ফেব্রুয়ারি ২০২২ এক যুক্ত বিবৃতিতে সাভারের আশুলিয়া ইউনিওয়ার্ল্ড-২ ফুটওয়ার লিঃ কারখানায় অগ্নিকান্ডে ৩ জন শ্রমিক নিহত হওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকেরা জীবন বাঁচাতে কাজ করতে এসে আর কত জীবন হারাবে। আর কত জীবনের বিনিময়ে তারা নিরাপদ কর্মপরিবেশ পাবে। রানা প্লাজা, তাজরীন, সেজান জুস, টাম্পাকো, গরীব এন্ড গরীব থেকে শুরু করে অসংখ্য কারখানায় অগ্নিকান্ড ও ভবন ধ্বসে হাজার হাজার শ্রমিকের মৃত্যুতেও মালিক শ্রেণি ও সরকারের হুঁশ আসেনি। নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা সব সময় উপেক্ষিত থাকছে, মালিকের মুনাফা ও সরকারের জিডিপি প্রবৃদ্ধি প্রাধান্য পেয়ে আসছে।
নেতৃবৃন্দ আরোও বলেন অগ্নিকান্ডে নিহত ৩ জনের মধ্যে ১ জন ১২ বছর বয়সি সুমাইয়ার মৃত্যু প্রমাণ করে মালিক গোষ্ঠি বিল্ডিং কোড, ফায়ার সেইফটি তো মানে না দেশের শ্রম আইনসহ প্রচলিত কোন আইন-বিধিরও তারা তোয়াক্কা করে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটানার সুষ্ঠু তদন্ত দাবি করে মালিকের অবহেলাজনিত ও সরকারের উদাসীনতায় শ্রমিককের মৃত্যুতে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি, নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপুরণ ও আহতদের সুচিকিা চিকিৎসা এবং পুর্নবাসন এর দাবি করেন। একই সাথে প্রতিটি কর্মক্ষেত্র নিরাপদ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।