ডেস্ক রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ৫:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দখল ও দূষণমুক্তের দাবি নিয়ে বগুড়ায় মৃতপ্রায় করতোয়া নদীর তীরজুড়ে ১২৩ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে মানবন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বগুড়া শাখা ও বেলা নেটওয়ার্ক যৌথভাবে অংশ নেয়।
আয়োজকরা জানান, করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করাসহ নাব্যতা ফিরিয়ে আনতে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন। এ জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শুরু করে বগুড়ার শেরপুর উপজেলা পর্যন্ত করতোয়া নদীর ১২৩ কিলোমিটার জুড়ে মানববন্ধন করা হয়।
কর্মসূচিতে গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন সংগঠন, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, অন্যান্য পেশাজীবী এবং সাধারণ মানুষ অংশ নেয়।