ডেস্ক রিপোর্ট
৮ জানুয়ারি ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে হেরেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় পাওয়া তিনটি আসনের মধ্যে লক্ষ্মীপুর-৪ আসনেও হেরে গেছেন দলের কেন্দ্রীয় সহসভাপতি মোশারফ হোসেন। শুধু বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নৌকা প্রতীকে জয় পেয়েছেন জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এবারের সংসদে তাই দলটির ‘সবেধন নীলমণি’ এমপি তানসেনই।
তানসেন জয় পেলেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ৪২ হাজার ৭৫৭ ভোট পাওয়া জাসদের এই প্রার্থী থেকে মাত্র দুই হাজার ভোট কম পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ডা. জিয়াউল হক মোল্লা। অল্প ভোটের ব্যবধানে এ জয়ের মধ্য দিয়ে এবার জাতীয় সংসদে জাসদের প্রতিনিধিত্ব রক্ষা পেল। বিষয়টি নিয়ে আলোচনা চলছে দেশজুড়েই।
বগুড়া-৪ আসনটি ২০১৪ সাল থেকে জাসদকে ছাড় দিয়ে আসছে আওয়ামী লীগ। ওই বছর বিএনপিবিহীন ভোটে জাসদের প্রার্থী হিসেবে তানসেন জয় পান। তবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের কাছে পরাজিত হন তিনি। এরপর ২০২২ সালে বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করলে শূন্য আসনটিতে উপর্নিবাচনে মহাজোটের প্রার্থী হিসেবে ফের নির্বাচিত হন তানসেন। এবারের নির্বাচনেও পেলেন জয়।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর রেজাউল করিম তানসেন বলেন, ভোটাররা আমাকে বিমুখ করেননি। এ জয়ের মধ্য দিয়ে জাসদ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পেল। আমি জয় পাওয়ায় এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকাও রাখতে পারব।