ডেস্ক রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ৫:২২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার। সারা দেশের টিকা পাওয়ার যোগ্য সব জনগোষ্ঠীকে টিকা দেওয়া সরকারের দায়িত্ব। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত। গেলো ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে?’
রবিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে কাদের বলেন, ‘নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান উল্লেখ করেন, ‘গেলো বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এ ধরনের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে কারণে, বর্তমানে দেশ কঠিন সংকটের মুখোমুখি।’
সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেন জিএম কাদের।