ডেস্ক রিপোর্ট

২৬ এপ্রিল ২০২৬, ৫:২২ অপরাহ্ণ

জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সংসদ অভিমুখে বিক্ষোভ

আপডেট টাইম : এপ্রিল ২৬, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আগামীকাল ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল, স্পিকারকে স্মারকলিপি ও সংসদ সদস্যদের প্রতি খোলা চিঠি প্রদান কর্মসূচি সফল করার আহ্বান।

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট-এর পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে আজ ২৬ এপ্রিল সকাল ১১টায় সেগুনবাগিচাস্হ রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব ও হাইকোটে গণসংযোগ এবং লিফলেট বিলি করা হয়। এতে উপস্হিতি ছিলেন বজলুর রশীদ ফিরোজ, নাজমুল হক প্রধান, সাজ্জাদ জহির চন্দন, ইকবাল কবির জাহিদ, বেলাল চৌধুরী, ডা. হারুনুর রশীদ, সৈয়দ হারুন অর রশীদ, নাসির উদ্দিন আহমেদ নাসু, মাসুদ রানা, মহিন উদ্দিন চৌধুরী লিটন, শম্পা বসু, মঞ্জুর আলম মিঠু,ওবায়দুল্লাহ মুসা, এডভোকেট প্রিন্স, সুস্মিতা মরিয়ম প্রমুখ নেতৃবৃন্দ।

গণসংযোগের সময় নেতৃবৃন্দ বলেন, বিদায় নেয়ার মাত্র ৩দিন আগে অন্তর্বর্তী সরকার আমেকিরার সাথে অসম বাণিজ্য চুক্তি করে দেশকে গোলামির শৃংখলে আবদ্ধ করেছে। যা অনির্বাচিত সরকারের এখতিয়ার বহির্ভূত। চুক্তির প্রক্রিয়ায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, স্বাক্ষর হলেও ৯০ দিন পর অর্থাৎ ৯ মে ২০২৬ থেকে চুক্তি কার্যকর হওয়ার কথা। মালয়েশিয়া ইতিমধ্যেই চুক্তি বাতিল করেছে, ভারত স্থগিত করেছে। তাই এখনও সময় আছে চুক্তি কার্যকর হওয়ার আগেই মালয়েশিয়ার মতো বিএনপি সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। আমেরিকা, ভারতসহ সাম্রাজ্যবাদী দেশের সাথে স্বাধীনতাত্তোরকালে সম্পাদিত সকল চুক্তি জনসমুক্ষে প্রকাশ এবং জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।

নেতৃবৃন্দ আগামীকাল ২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্পিকারের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফল করার জন্য শরীক সংগঠনের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণসহ সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন