ডেস্ক রিপোর্ট

৪ নভেম্বর ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ

ডিজেল-কেরোসিন ও টিসিবি পণ্যের মূল্য বৃদ্ধি গণবিরোধী : কমরেড খালেকুজ্জামান

আপডেট টাইম : নভেম্বর ৪, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম জোটের শীর্ষ নেতা কমরেড খালেকুজ্জামান ডিজেল, কেরোসিন ও টিসিবি’র পণ্যের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান বলেন, ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা এবং টিসিবি প্রতিলিটার সয়াবিন তেল ১০ টাকা, চিনি ও ডাল কেজি প্রতি ৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে যা অত্যন্ত অযৌক্তিক। করোনা মহামারি ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা, সরকার জনগণের পাশে থাকবে কি, উল্টো সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি ঘটিয়ে যাত্রী ও পণ্য পরিবহন এবং কৃষির সেচ খরচ বৃদ্ধি করলো। এর ফলে দেশের প্রায় ৯৫ ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

কমরেড খালেকুজ্জামান বলেন, টিসিবির দায়িত্ব সাধারণ মানুষকে মূল্য বৃদ্ধির কষাঘাত থেকে সুরক্ষা দেয়া। কিন্তু সুরক্ষার বদলে টিসিবি নিজেই একটি মুনাফালোভী বাণিজ্যিক প্রতিষ্ঠানের মত আচরণ করছে।

বিবৃতিতে তিনি বলেন, ভারতে শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে আর আমাদের দেশে মূল্য বৃদ্ধি করা হলো। বিপিসিকে তেল আমদানি করতে ৩ ধরনের শুল্ক ও ট্যাক্স প্রদান করতে হয়, যা কমালে তেলের দাম বৃদ্ধি না করে কমানো সম্ভব। কিন্তু সরকার লোসকানের দোহাই দিয়ে জনগণের পকেট কাটার দিকেই মনোযোগী বেশী। যা অত্যন্ত অযৌক্তিক ও গণবিরোধী। দেশের সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে ডিজেল, কেরোসিন ও টিসিবি’র পণ্যের মূল্য বৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবি জানান তিনি।

কর্মসূচি:
ডিজেল, কেরোসিন ও টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আগামী ৬ নভেম্বর শনিবার বিকেল সাড়ে তিন টায় পল্টন মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন