ডেস্ক রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট-এর পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ, স্পিকারের কাছে স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলটি জাতীয় সংসদের সামনে গিয়ে শেষ হয়।
পরে জোটের নেতৃবৃন্দ স্পিকারের কাছে স্মারকলিপি ও সংসদ সদস্যদের খোলা চিঠি প্রদান করেন।
মিছিলে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, জাতীয় প্রেস ক্লাবের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকার ড. ইউনূসের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান। সমাবেশে উপস্হিতি ছিলেন বজলুর রশীদ ফিরোজ, নাজমুল হক প্রধান, সাজ্জাদ জহির চন্দন, ইকবাল কবির জাহিদ, বেলাল চৌধুরী, ডা. হারুনুর রশীদ, সৈয়দ হারুন অর রশীদ, নাসির উদ্দিন আহমেদ নাসু, মাসুদ রানা, মহিন উদ্দিন চৌধুরী লিটন, শম্পা বসু প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন , অন্তর্বর্তী সরকার বিদায় নেয়ার মাত্র ৩দিন আগে আমেকিরার সাথে অসম বাণিজ্য চুক্তি করে দেশকে গোলামির শৃংখলে আবদ্ধ করেছে। যা অনির্বাচিত সরকারের এখতিয়ার বহির্ভূত। চুক্তির প্রক্রিয়ায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, স্বাক্ষর হলেও ৯০ দিন পর অর্থাৎ ৯ মে ২০২৬ থেকে চুক্তি কার্যকর হওয়ার কথা। মালয়েশিয়া ইতিমধ্যেই চুক্তি বাতিল করেছে, ভারত স্থগিত করেছে। তাই এখনও সময় আছে চুক্তি কার্যকর হওয়ার আগেই মালয়েশিয়ার মতো বিএনপি সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। আমেরিকা, ভারতসহ সাম্রাজ্যবাদী দেশের সাথে স্বাধীনতাত্তোরকালে সম্পাদিত সকল চুক্তি জনসমুক্ষে প্রকাশ এবং জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।