ডেস্ক রিপোর্ট

১ অক্টোবর ২০২১, ১০:৩২ অপরাহ্ণ

রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতেই মুহিবুল্লাহ হত্যা: ন্যাপ

আপডেট টাইম : অক্টোবর ১, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ও তাদের মানবাধিকার নিয়ে দেশে-বিদেশে বলিষ্ঠ কণ্ঠস্বর মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ। এছাড়া ‌দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।

তারা বলেন, ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অত্যন্ত সোচ্চার ছিলেন। সত্যিকার অর্থে তিনি ছিলেন সাধারণ রোহিঙ্গাদের ভরসার জায়গা। আর সে কারণে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতেই মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলেই দেশবাসী মনে করে।’

নেতৃদ্বয় বলেন, ‘একের পর এক রোহিঙ্গা নেতার হত্যাকাণ্ড ক্যাম্পের নিরাপত্তাকে যেমন প্রশ্নবিদ্ধ করছে, তেমনই এর পেছনে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রয়েছে কি-না তাও সরকারকে উদঘাটন করতে হবে। মনে রাখতে হবে, এভাবে চলতে থাকলে রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ সন্ত্রাসী গ্রুপের হাতে চলে যাবে। প্রত্যাবাসন নিয়ে নতুন সংকট সৃষ্টি হবে। যা কোনভাবেই বাংলাদেশের জন্য কল্যাণকর হতে পারে না। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে মিয়ানমারের কোনো ষড়যন্ত্র রয়েছে কি-না, তাও সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে।’

তারা আরও বলেন, ‘মুহিবুল্লাহ হত্যাকাণ্ড পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আতংক ছড়িয়ে দিয়েছে। এ হত্যার ঘটনা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানের ইস্যুটি সরকারকে বারবার আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে। মুহিবুল্লাহ হত্যাকাণ্ড যাতে রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো বাধা না হয় সে বিষয়েও সরকারকে সচেতন থাকতে হবে।’

শেয়ার করুন