ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ

কাল পিরোজপুরে সমাহিত হবেন তারেক শামসুর রেহমান

আপডেট টাইম : এপ্রিল ১৮, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক ও কলামনিস্ট অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানকে সোমবার পিরোজপুরে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন। তবে লকডাউনের কারণে যুক্তরাষ্ট্র থেকে ফিরতে না পারায় স্ত্রী-সন্তানরা তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত থাকতে পারছেন না।

রবিবার শামসুর রেহমানের ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন স্বজনেরা।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে শামসুর রেহমানের ছোট ভাই খালিদ শহিদুর রহমান মিঠু বলেন, ‘মরদেহ নিয়ে আমরা পিরোজপুরে যাচ্ছি। এখনো পৌঁছাতে পারিনি। কাল (সোমবার) সকাল সারে ১০ টায় দাফন সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের ইচ্ছা ছিল মা-বাবার পাশে তাকে দাফন করার। এ জন্য আমরা পারিবারিকভাবে পিরোজপুরে দাফনের সিদ্ধান্ত নিই ।’

তারেক শামসুর রেহমানের স্ত্রী ও কন্যা যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘লকডাউনের জন্য তারা আসতে পারছে না। আমরাই দাফন সম্পন্ন করব।’

গত প্রায় ২৫ বছর ধরে দেশে একাই থাকতেন তারেক শামসুর রেহমান। স্ত্রী সন্তান থাকেন যুক্তরাষ্ট্রে। মাঝে মধ্যেই স্ত্রী সন্তানকে দেখতে তিনি যুক্তরাষ্ট্রে যেতেন বলে জানান স্বজনেরা।

তুরাগ থানার এসআই আলী আজম বলেন, ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে গোসল শেষে লাশ তার নিজ বাসায় উত্তরা ১৮ নম্বর সেক্টরে নেওয়া হয়। বাদ আছর সেখানে প্রথম জানাজা শেষে স্বজনেরা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, শনিবার দুপুরে উত্তরা-১৮ নম্বর সেক্টরের রাজউকের আবাসিক প্রকল্পের দোলনচাঁপা বিল্ডিংয়ের ১৩০৪ নম্বর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতর থেকে ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। দুই বছর আগে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন।

বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে তার অনেক গ্রন্থ রয়েছে। বই লেখার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন। দেশের অন্যতম সেরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তার খ্যাতি ছিল।

 

শেয়ার করুন