ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২১, ৭:২১ অপরাহ্ণ

গোপালগঞ্জে টেম্পুস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: ৫ পুলিশসহ আহত ৪০

আপডেট টাইম : এপ্রিল ১৮, ২০২১ ৭:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গোপালগঞ্জে টেম্পুস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত।

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে টেম্পুস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৪০জন আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় কমপক্ষে ৩টি বাড়ি ও ৪টি দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ১৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে।’ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে ছানোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জ জেলা সদরের বড় বাজার এলাকার টেম্পুস্ট্যান্ড নিয়ে ঘোষেরচর উত্তর পাড়ার বাসিন্দা সুজন শেখ ও সেন্টু শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২ থেকে ৩ দিন সে বিরোধ তুঙ্গে ওঠে। এর আগে, এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এরই জের ধরে আজ রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় ৩ ঘন্টা উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কোনো পক্ষ এ পর্যন্ত মামলা দায়ের করেনি।

শেয়ার করুন