ডেস্ক রিপোর্ট

৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

গাজীপুরে পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ করে বস্তিবাসীর বিক্ষোভ

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্তিবাসী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর টঙ্গী উড়াল সড়কে এ বিক্ষোভে অংশ নেন তারা। এ সময় সড়কে যানবাহন বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী হাজীর মাজার বস্তি থেকে বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসী। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে আবার বিআরটি ফ্লাইওভারের ওপর টঙ্গী বাজার অংশে এসে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ ও মানববন্ধন চলে।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালনের পর প্রশাসনের আশ্বাসে বস্তিবাসীরা সড়ক ছেড়ে চলে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীর অভিযোগ করেন, কয়েকজন মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীদের ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বস্তিবাসীর দাবি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তা তারা মেনে নেবেন না। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাকছুদুল হোসেন জানান, বিক্ষোভকারীরা দীর্ঘ সময় সড়কে থাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে তারা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন