ডেস্ক রিপোর্ট

১৬ জুলাই ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ

সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির পথে

আপডেট টাইম : জুলাই ১৬, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। একইসঙ্গে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হতে পারে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাসের স্বাক্ষর করা প্রধান অববাহিকা ও জোনভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কুশিয়ারার পানি কিছুটা বেড়েছে, তবে সুরমা নদীর পানি কমেছে। আগামী তিন দিনে সুরমা-কুশিয়ারা নদীর পানি কমতে পারে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বেড়েছে। এ ধারা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে, তবে নদীগুলোর বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও সারিগোয়াইন নদীর পানি বেড়েছে, যা আগামী তিন দিনে কমতে পারে। এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে এবং এ প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শেয়ার করুন