ডেস্ক রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনার লক্ষ্যে এক কর্মীসভা মঙ্গলবার (২৩) ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল, অধ্যাপক ডঃ আবুল কাশেম, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সাবেক ব্যাংকার এম এ ওয়াদুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ জেলা সহ-সভাপতি নজির উদ্দিন, নির্মাণ শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক মামুন বেপারি, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, কান্দিগাঁও ইউনিয়নের নুরুল, খাদিমনগর ইউনিয়নের সেলিম উদ্দিন, সংগ্রাম পরিষদের সীমান্ত রায়, কৃষক ফ্রন্টের সদর উপজেলা সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, টুকেরবাজার ইউনিয়নের আনোয়ার হোসেন প্রমূখ।
কর্মীসভায় কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন,ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ সারাদেশে বিভিন্ন স্থানে ছাত্র জনতা বিক্ষোভ করে। কিন্তু এই বিক্ষোভকে কাজে লাগিয়ে একদল সুযোগ সন্ধানী চিহ্নিত উগ্র গোষ্ঠী প্রথম আলো, ডেইলী স্টার পত্রিকা অফিসে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। প্রথিতযশা সাংবাদিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের উপর হামলা করে এবং বাংলাদেশের সাংস্কৃতিক জগতের অন্যতম প্রতিষ্ঠান ছায়ানট ভবন,উদীচী কার্যালয় হামলা, ভাংচুর ও লুটপাট করে।
কমরেড বজলুর রশীদ ফিরোজ এই সকল বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। কমরেড ফিরোজ সারাদেশে বিভিন্ন স্থানে নৈরাজ্যকর ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। কথিত ধর্ম অবমাননার নামে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেয়া হয়েছে। এই সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন জরুরি। নচেৎ এধরনের বর্বরোচিত ঘটনা দেশকে গভীরভাবে অস্থিতিশীল করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিভাজন তৈরি করবে। এমন কি এই নৈরাজ্যকর ঘটনা আগামী ফেব্রয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে। অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য এমুহূর্তে নির্বাচন অনুষ্ঠান অতিব জরুরি।
ফিরোজ বলেন, দেশের জনগণ গতবছর জুলাই-আগস্টে বাক-ব্যক্তি স্বাধীনতা ও একটা নিরাপদ বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছিল। দেশবাসী চেয়েছিল স্বাভাবিকভাবে নিজেদের ভাব ভাষা প্রকাশ করতে; চেয়েছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি, গুম-খুন-আয়নাঘর বন্ধ হবে। এছাড়া আরও অনেক স্বপ্ন ছিল কিন্তু এটা ছিল প্রধান চাওয়া। অথচ সেই চাওয়া অনেক আগেই মলিন হয়ে গেছে। হাদির মৃত্যু সেই স্বপ্নকে কালো অন্ধকারে নিমজ্জিত করল।
কমরেড ফিরোজ মব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।একই সাথে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার করতে সরকারকে বাধ্য করুন এবং সকল অপশক্তির প্ররোচনা পরিহার করে সম্প্রীতি বজায় রাখুন।
কমরেড ফিরোজ গণতন্ত্রের পথে উত্তরণ ও নির্বাচন বানচালের দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান।
কমরেড বজলুর রশীদ ফিরোজ সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালকে মই মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।