ডেস্ক রিপোর্ট
৮ জানুয়ারি ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাড. দিলরুবা নূরী আজ এক যৌথ বিবৃতিতে সারাদেশে অব্যাহত নারী নির্যাতন বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, গত রবিবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন গ্রেফতার করা হলেও এখনও কোন মামলা হয়নি। মেয়েটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছে। তার অবস্থা এখন স্থিতিশীল। এদিকে গত শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুস সালাম (৪৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিন বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩০ ডিসেম্বর সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পাঁচ দিন পর ৪ জানুয়ারি রাতে শিশুটির বাবা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দেলোয়ার হোসেন (২২) নামের এক তরুণকে আসামি করে মামলা করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ গত এক দুইদিনের মধ্যে এই তিনটি ধর্ষণের খবর পত্রিকায় এসেছে। আমরা জানি সারাদেশে সংঘতিত ধর্ষণ নির্যাতনের সকল খবর পত্রিকায় প্রকাশিত না। ধর্ষণ-নির্যাতনের খবর দেখতে দেখতে আমাদের হয়তো গা-সওয়া হয়ে গেছে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে এক ভয়াবহ সমাজে বাস করছি! এই ৫ মাস আগে দেশে বৈষম্যের বিরুদ্ধে সাম্যের শ্লোগান দিয়ে গণঅভ্যুত্থান হল, সেখানে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কিন্তু সমাজে নারীর অধিকারের সাম্য কোথায়? নারী-শিশুর নিরাপত্তা কোথায়? কোথায় তার সামাজিক মর্যাদা?’
নেতৃবৃন্দ আরো বলেন, এমন অসংখ্য ঘটনা প্রতিদিন ঘটে চলেছে অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত অকার্যকর ভূমিকা পালন করছে। রাষ্ট্র নানা রকম সংস্কারের কথা বলে চলেছে কিন্তু সত্যিকার অর্থে মানুষের জীবনমান উন্নয়নের তেমন কোন উদ্যোগ নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নাগরিকের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। নারী নির্যাতনের ক্ষেত্রে বিচারহীনতার রেওয়াজ এবং বিচারের দীর্ঘসূত্রিতা রয়েছে। তার পাশাপাশি রয়েছে এমন এক মনন কাঠামো যা সকল পর্যায়ের নারীকে ভোগ্যপণ্যে পরিণত করেছে। এজন্য নারী/শিশু নির্যাতন হত্যা ধর্ষণের বিচার করা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়া দ্রুত হওয়া খুব জরুরী।’
নেতৃবৃন্দ অবিলম্বে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।